হালিশহর এক দিনের ভ্রমণ।
হালিশহর এক দিনের ভ্রমণ। বামাপদ গঙ্গোপাধ্যায় । এমন মানব জমিন রইল পতিত আবাদ করলে ফলতো সোনা। রামপ্রসাদ সেনের এই গানটা মাথার মধ্যে ঘুরতে থাকে । মনে মনে ভাবি একই জমিতে এত বছর কেটে গেলো (রামপ্রসাদের ভিটের জমিতে) অথচ কোনদিনই আমি লিখতে পারলাম না হালিশহরকে নিয়ে । আয় মন বেড়াতে যাবি । এই শ্যামা সংগীত শুনে শুনে বড় হয়েছি । দেশ বিদেশ নিয়ে নানান লেখা লিখেছি । জন্ম ভিটে বড় সুন্দর ভ্রমণের জায়গা তাকে নিয়ে লিখলাম না কেন ? সেই প্রশ্ন মাঝে মাঝে আমায় ভাবায় । রামপ্রসাদ কালীবাড়ি॥ ছবি তাপস কুমার দত্ত গঙ্গা নদীর একটা গুণ আছে সে যে পথ দিয়ে গেছে তার চারিপাশে যেমন শিল্প তৈরি করেছে তেমনি শিল্পীও তৈরি করে গেছেন । একেই বলে মাটির গুণ । বহু বঙ্গচর্চিত মানুষের বাস ছিলো এই ছোট অঞ্চলে । রামপ্রসাদ সেন , রাণীরাসমণি , নিগমানন্দ পরমহংস , মহাপ্রভু চৈতন্যদেবের দীক্ষাগুরু ঈশ্বরপুরী থেকে কবিকর্ণপুর পরমানন্দ সেন , আজু গোঁসাই । আমি যেখানে থাকি সেই রাস্তার নাম শিবের গলি, চৌধুরিপাড়া। একদিকে মিথ শিব , অন্যদিকে সাবর্ণচৌধুরির ইতিহাস । সাবর্ণচৌধুরিরা তো হালিশহরের মানুষ । তাঁদের সপ্তম দোল এখন...